শিখর রায়
প্রকাশিত ১৪ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট
অন্যকে জানাতে পারেন:
ডেভিড লিন : চলচ্চিত্রের এক নিখুঁত কারিগর
শিখর রায়

ঔপনিবেশিক ইতিহাস মূলত শাসন-শোষণ-নিপীড়নের ইতিহাস। বৃটিশ ঔপনিবেশিক ইতিহাসও এর ভিন্ন নয়। তবে কৌশলগত দিক থেকে তারা সফল কিছু ট্যাগ--মানবিকতা, সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা, স্থানীয় শাসকগোষ্ঠীর ব্যর্থতায় হাল ধরা ইত্যাদি--ব্যবহার করে একের পর এক উপনিবেশ প্রতিষ্ঠা করে। জায়েজ করে নেয় সাম্রাজ্যবাদ নীতি। বেলফোর ঘোষণার কথাই ধরা যাক; যেখানে ইহুদিদের প্রতি সহানুভূতি দেখানোর নামে বৃটেন মূলত পুরো মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দূরদর্শী উদ্দেশ্যে অশান্তি নামক এক বিষবৃক্ষ রোপন করে। যার প্রভাব আজ একশো বছর পরে এসেও পরিলক্ষিত হচ্ছে। আবার ভারতীয় উপমহাদেশেও সুকৌশলে প্রথমে ক্ষমতা দখল এবং ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের পর জনগণের স্বার্থে কাজ করার নামে পুরো শাসনভারই গ্রহণ করে বৃটিশরা। দুশো বছর ধরে চলে তাদের ভয়ঙ্কর শাসন-শোষণ। ঘুরেফিরে তারা প্রমাণ করতে চেয়েছে এখানকার মানুষ অসভ্য-বর্রর। মূলত বৃটিশরা কোনোভাবেই তাদের অধীনস্থদের ‘মানুষ’ হিসেবে দেখতো না। তারা নিজেদের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উপস্থাপন ও নিজেদের মহত্ত্বই প্রকাশ করতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বৃটিশ নিয়ন্ত্রিত উপনিবেশগুলো স্বাধীন হতে শুরু করলেও তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেনি। উপনিবেশ শাসনের ফলে যে জাত্যাভিমান, আভিজাত্যবোধ পশ্চিমাদের মধ্যে জন্ম নিয়েছে, তার রেশও বিদ্যমান ছিলো। তারা যেভাবে এসব অঞ্চলের মানুষকে দেখে, তাদের সৃষ্ট শিল্প-সাহিত্য-চলচ্চিত্রসহ প্রভৃতি সৃজনশীল কর্মের মধ্যে তারই প্রকাশ ঘটে। ১৯৬২ খ্রিস্টাব্দে ডেভিড লিন নির্মিত লরেন্স অব অ্যারাবিয়া তেমনই এক উদাহরণ মাত্র। যেখানে পাশ্চাত্য দৃষ্টিতে গুরুত্বহীন, নেতিবাচক, ক্ষুদ্র করে দেখা হয়েছে মধ্যপ্রাচ্যকে। পশ্চিম এভাবেই নিজেকে প্রধান করে বাকি সবকিছুকে অপর (Other) হিসেবে দেখে ও দেখায়।১ লরেন্স অব অ্যারাবিয়া মূলত বৃটিশ মাহাত্ম্যকেই তুলে ধরে। নীতি-মানবিকতা-মহত্ত্বের আড়ালে জায়েজ করে বৃটিশ সাম্রাজ্যবাদকে। তবে এতো বছর পরেও সাংস্কৃতিক-ঐতিহাসিক ও নির্মাণশৈলীগত দিক থেকে সমান আবেদন রেখে চলেছে লরেন্স অব অ্যারাবিয়া, সঙ্গে প্রাচ্যবাদ (Orientalism) চর্চাও।
উদাসীনতার পিঠে চড়ে সেলুলয়েড জয়
চলচ্চিত্রনির্মাতা হিসেবে অর্থনৈতিক সাফল্য ও শৈল্পিক সন্তুষ্টি যাকে সমানভাবে ধরা দিয়েছে; নির্মাণের গভীরতর নিরীক্ষায় যিনি ছাপিয়ে গেছেন সমসাময়িক নির্মাতাদের; ৪০ বছরের বেশি সময়ে যার ঝুলিতে রয়েছে মাত্র ১৬টি চলচ্চিত্র; তিনি সর্বকালের প্রভাবশালী নির্মাতাদের অন্যতম ডেভিড লিন। ইংলিশ এই নির্মাতা একই সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা, সম্পাদনা এমনকি চিত্রনাট্য রচনাও করেছেন। বড়ো বাজেট, বিশাল সেট ও দীর্ঘ পরিসরের নির্মাতা হিসেবে সর্বাধিক পরিচিত লিনের জন্ম ২৫ মার্চ ১৯০৮ খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের দক্ষিণ লন্ডনের ক্রোডন শহরে। ফ্রান্সিস উইলিয়াম লে ব্লাউন্ট লিয়ান ও হেলেনা টাঙ্গিয়ের ঘর আলোকিত করা লিন পরবর্তী সময়ে সেলুলয়েডের রিলে দ্যুতি ছড়িয়েছেন। যে ঝলকানি কেবল ইংরেজ চলচ্চিত্রপাড়ায় সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ইতিহাস, ধর্মতত্ত্ব, উপাসনাশৈলীর দিক থেকে স্বতন্ত্র খ্রিস্টান কোয়াকার সম্প্রদায়ে জন্ম হওয়ায় ঐতিহ্যবাহী লেইটন পার্ক স্কুলে শিক্ষার হাতেখড়ি হয় তার। তবে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় কখনোই মন বসতো না লিনের। ছোটোবেলা থেকেই ছিলেন ভিন্ন ঘরানার। স্বপ্নবান লিন হয়তো সেকারণেই মাত্র ১৮ বছর বয়সে ক্রিসমাসের ছুটিতে স্কুল ছেড়ে দেন। এরপর বাবার চার্টার্ড অ্যাকাউন্টেন্স ফার্ম দেখাশোনায় মন দেওয়ার চেষ্টা করেন। একসময় সেখানেও মন টিকে না তার। কাজের বিরক্তি দূর করতে নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র দেখে সময় কাটাতে থাকেন লিন। যে সময়টা তিনি বেশ উপভোগও করতেন।
তবে শুরুটা আরো আগে, তখন সবে দশে পা দিয়েছেন লিন। সেসময় চাচার উপহার দেওয়া একটি ‘ব্রাউনি বক্স ক্যামেরা’ তাকে দারুণভাবে প্রভাবিত করে। ছবি প্রিন্ট করানোটা তার শখে পরিণত হয়। এবং কীভাবে তা আরো উন্নত করা যায়, সেই নেশায় তিনি বুঁদ হয়ে থাকতেন। এ নিয়ে পরে লিন নিজে বলেন, ‘সেসময় সাধারণত ১৬-১৭ বছর বয়সের আগে কেউ সন্তানের হাতে ক্যামেরা তুলে দিতো না। অথচ ওই বয়সেই ক্যামেরা প্রাপ্তিটা ছিলো আমার জীবনে আশীর্বাদস্বরূপ এবং আমি এটিকে জয় করেছি।’
লিনের জীবনে আরেকটি বাক পরিবর্তন ঘটে তার এক আন্টির পরামর্শে। যিনি লিনকে পরামর্শ দেন, নিজের ভালোলাগাকে প্রাধান্য দিতে এবং সেই অনুযায়ী কিছু করতে। তখন ১৯২৭ খ্রিস্টাব্দ। সেই পরামর্শ তার মাথায় ঘুরপাক খেতে থাকে। সিদ্ধান্ত নেন ফ্রান্সের অন্যতম চলচ্চিত্র স্টুডিও ‘গৌমন্ট স্টুডিও’ পরিদর্শনের। সেই স্টুডিও লিনকে বেশ আগ্রহী করে তোলে। বাবার ফার্ম ছেড়ে কাজ নেন স্টুডিওতে। বিনা পারিশ্রমিকেই মাসব্যাপী কাজ করেন। সেখানে প্রথমে টি-বয়, পরে ক্ল্যাপার বয় এবং অল্প সময়ে তৃতীয় সহকারী পরিচালক হিসেবে কাজের সুযোগ পান লিন। এর মাত্র তিন বছরের মাথায় তিনি ‘গৌমন্ট ফিল্ম কোম্পানি’ ও ‘মুভিটোন নিউজ’-এ নিউজরিল সম্পাদক হিসেবে যোগ দেন। এরও বছর খানেক পর ফ্রিডম অব দ্য শিস-এর মাধ্যমে কাহিনিচিত্র সম্পাদনায় হাত দেওয়া লিন কিছুদিনের মধ্যেই বেশ পরিচিত হয়ে ওঠেন।
১৯৪২ খ্রিস্টাব্দের মধ্যেই জর্জ বার্নাড শ’র নাটক অবলম্বনে গ্যাব্রিয়েল প্যাসকেল প্রযোজিত পিগমালিয়ন (১৯৩৮) ও মেজর বারবারা (১৯৪১); মাইকেল পাওয়েল ও অ্যামেরিক প্রেসবার্গার-এর যৌথভাবে নির্মিত ফোরটিনাইনথ প্যারালাল (১৯৪১) ও ওয়ান অব আওয়ার এয়ারক্রাফ্ট ইজ মিসিং (১৯৪২) সহ দুই ডজনেরও বেশি চলচ্চিত্র সম্পাদনা করেন। স্টিভেন স্পিলবার্গ, স্ট্যানলি কুব্রিক, মার্টিন স্কোরসেস, রিডলে স্কট-এর মতো খ্যাতিমান নির্মাতাদের প্রশংসা পাওয়া লিন হয়তো সম্পাদক হিসেবে আরো বেশি সুনাম অর্জন করতে পারতেন; তবে এতে করে ঠিক যেনো নিজের কথাগুলো বলা হয়ে উঠছিলো না তার। সেকারণে সম্পাদনায় আটকে না থেকে লিন চেয়েছেন ইমেজের কারিগর হতে। ফলে বৃটিশদের দেশপ্রেম নিয়ে ইংরেজ অভিনয়শিল্পী--নির্মাতা নোয়েল কাওয়ার্ড-এর সঙ্গে নির্মাণ করেন ইন হুইচ উই সার্ভ (১৯৪২)। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বৃটিশ তথ্য মন্ত্রণালয়ের পুরোপুরি সহায়তায় এটি নির্মাণ করা হয়। পরে কাওয়ার্ডের বেশ কয়েকটি নাটককে চলচ্চিত্রে রূপ দেন লিন--দিজ হ্যাপি ব্রেড (১৯৪৪), ব্লাইথ স্প্রিট ও ব্রিফ এনকাউন্টার (১৯৪৫) যার অন্যতম। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব সময়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে নির্মিত ব্রিফ এনকাউন্টার প্রথমবারের মতো তাকে বড়ো কোনো আসরে পরিচিত করায়। সেরা নির্মাতাসহ তিনটি বিভাগে তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন পান। যেখানে সেলিয়া জনসন ও ট্রেভর হাওয়ার্ড জুটির স্বভাবজাত অভিনয় দক্ষতায় তৎকালীন ইংল্যান্ডের শহরতলীর মধ্যবিত্ত শ্রেণির মধ্যে গড়ে ওঠা গোপন প্রেম, নৈঃশব্দিক বোঝাপড়া, আবেগ ও বিয়ে নামক সম্পর্কের জটিলতাকে তুলে ধরা হয়। ১৯৪৬ খ্রিস্টাব্দে কান চলচ্চিত্র উৎসবে ‘গ্র্যান্ড পিক্স’ পাওয়া চলচ্চিত্রটি বৃটিশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সম্মাননীয় ও ধ্রুপদী হিসেবে বিবেচিত।
নির্মাতা হিসেবে লিনের আরো দুটি গুরুত্বপূর্ণ কাজ চার্লস ডিকেন্স-এর উপন্যাস অবলম্বনে নির্মিত গ্রেট এক্সপেক্টেশনস (১৯৪৬) ও অলিভার টুইস্ট (১৯৪৮)। এর মধ্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে পাঁচটি বিভাগে মনোনীত হয় গ্রেট এক্সপেক্টেশনস। লিনও দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে মনোনয়ন পান। প্রথমবারের মতো শিল্পনির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতে তার কোনো চলচ্চিত্র। আর অলিভার টুইস্ট পায় সেরা বৃটিশ চলচ্চিত্র হিসেবে বাফটা মনোনয়ন। চলচ্চিত্র দুটির নির্মাণশৈলী নিয়ে সমালোচক ও লেখক ডেভিড শিপম্যান ১৯৮৪ খ্রিস্টাব্দে তার ‘দ্য স্টোরি অব সিনেমা : ভলিয়ম টু’ এ উল্লেখ করেন, ‘ডিকেন্সের সাহিত্যকর্ম নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্যে কেবল জর্জ কুকার-এর ডেভিড কপারফিল্ড লিনের কাছাকাছি পৌঁছাতে পেরেছে। তবে তার সমকক্ষ হতে পারেনি।’২ অলিভার টুইস্ট-এর ফাজিন চরিত্রটি সেসময় বেশ বিতর্কিত হয়। ১৯৪৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বার্লিনে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী সেখানকার ইহুদি সম্প্রদায়কে ক্ষুব্ধ করে। ফলে ইহুদিবাদী দলগুলো নিউ ইয়র্কেও চলচ্চিত্রটির মুক্তি, এমনকি ব্যক্তিগত প্রদর্শনীতেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সম্পর্কে লিন লিখেছিলেন, ‘আমরা ফাজিন চরিত্রটিকে আরেকটু বেয়াড়াভাবে উপস্থাপন করেছিলাম। এবং প্রত্যাশা ছিলো এটি একটি মজাদার ইহুদি খলনায়কের চরিত্র হবে।’ শেষমেষ প্রোডাকশনের ‘নৈতিক শর্ত’ মেনে আট মিনিট কাটছাঁটের পর ১৯৫১ খ্রিস্টাব্দের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় চলচ্চিত্রটি।
অবশ্য লিনের জীবনে এটা নতুন অভিজ্ঞতা ছিলো। তারপরও তিনি দমে না গিয়ে বরং পুরো উদ্যমে কাজ শুরু করেন। ১৯৪৯ খ্রিস্টাব্দে এইচ জি ওয়েলস-এর উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন দ্য প্যাশনেট ফ্রেন্ডস। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে ‘গ্রান্ড পিক্স’-এ মনোনীত হয়। যেখানে একটি ত্রিভূজ প্রেমের গল্প দেখানো হয়। এরপর মেডেলিন হ্যামিল্টন স্মিথ-এর জীবনের সত্য ঘটনা অবলম্বনে (স্কটল্যান্ডের সম্ভ্রান্ত পরিবারের সন্তান স্মিথের বিরুদ্ধে ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রাক্তন প্রেমিককে হত্যার অভিযোগ ওঠে) মেডেলিন এবং ১৯৫২ খ্রিস্টাব্দে নাট্যকার টেরেন্স রত্তিগান-এর চিত্রনাট্যে দ্য সাউন্ড ব্যারিয়ার নির্মাণ করেন লিন। চলচ্চিত্রটি সেরা শব্দগ্রহণের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পায়। এছাড়াও ১৯৫৩ খ্রিস্টাব্দে সেরা বৃটিশ চলচ্চিত্র হিসেবে বাফটা, সেরা নির্মাতা হিসেবে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করে। এরপর বছর খানেক বিরতি দিয়ে হ্যারল্ড ব্রিগহাউস-এর নাটক অবলম্বনে লিন নির্মাণ করেন হবসন’স চয়েস। চলচ্চিত্রটি ১৯৫৪ খ্রিস্টাব্দে চতুর্থ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার ও সেরা বৃটিশ চলচ্চিত্র হিসেবে বৃটিশ ফিল্ম অ্যাকাডেমি (বাফটা) পুরস্কার পায়।
টানা বেশ কয়েকটি সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণের পর ১৯৫৫ খ্রিস্টাব্দে লিন কিছুটা ভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে এগোতে থাকেন। এই সময় হলিউডের বড়ো বড়ো স্টুডিওর অর্থায়নে আন্তর্জাতিকভাবে যৌথ প্রযোজনায় নাম লেখান তিনি। ওই বছরই llya Lopert স্টুডিওর সহযোগিতায় নির্মাণ করেন সামারটাইম। এর মধ্য দিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তৃতীয়বারের মতো তিনি শ্রেষ্ঠ নির্মাতার মনোনয়ন পান। তবে এবারও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়া হয় না তার; পান ‘নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড’। বার বার কাছে গিয়েও না পাওয়ার এই আক্ষেপ হয়তো লিনকে তাড়িত করতে থাকে। যে কারণে পরবর্তী সময়ে তার চলচ্চিত্রের ব্যাপ্তি বাড়ার সঙ্গে শৈলী হতে থাকে আরো উচ্চমার্গীয়। আন্তর্জাতিক অঙ্গনে তার চলচ্চিত্র প্রদর্শনও বিস্তৃতি লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কারাগারে থাকা বৃটিশ ও আমেরিকান যুদ্ধবন্দিদের বেঁচে থাকার গল্প নিয়ে ১৯৫৭ খ্রিস্টাব্দে লিন নির্মাণ করেন দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই। পিয়েরে বুল-এর উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি ওই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ব্যবসাসফল হয়। চলচ্চিত্রটি একই সঙ্গে আটটি বিভাগে মনোনীত হয়ে শ্রেষ্ঠ নির্মাতা-অভিনয়শিল্পী-সঙ্গীত-সম্পাদনা-চিত্রনাট্যসহ সাতটি বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড; গোল্ডেন গ্লোব, বাফটা, গ্রামি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পায়।
নির্মাতা হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়ার পর লিনের কাজের স্পৃহা যেনো আরো বেড়ে যায়। শুরু করেন চিত্রনাট্যে দুইবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়া ইংরেজ নাট্যকার রবার্ট বোল্ট-এর চিত্রনাট্যে ইতিহাসভিত্তিক একটি চলচ্চিত্রের কাজ; প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহ, সিনাই ও ফিলিস্তিন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বৃটিশ প্রত্নতাত্ত্বিক, লেখক ও সেনা-গোয়েন্দা কর্মকর্তা থমাস এডওয়ার্ড লরেন্স-এর জীবনের ঘটনা অবলম্বনে ১৯৬২ খ্রিস্টাব্দে নির্মাণ করেন লরেন্স অব অ্যারাবিয়া। চলচ্চিত্রটি ৩৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ১০টি বিভাগে মনোনয়ন পেয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা-অভিনয়শিল্পীসহ সাতটি বিভাগে পুরস্কার জেতে। একই সঙ্গে চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব, বাফটাসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পায়। সাংস্কৃতিক, ঐতিহাসিক ও নান্দনিক গুরুত্ব বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস ১৯৯১ খ্রিস্টাব্দে চলচ্চিত্রটিকে জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে। ১৯৯৮ ও ২০০৭ এ আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের শত বছরে শত চলচ্চিত্রের তালিকায় যথাক্রমে পঞ্চম ও সপ্তম স্থান পায় এটি। চলচ্চিত্রের ইতিহাসে এটিকে অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী গণ্য করা হয়। মারিস জারে’র সঙ্গীত ও ফ্রেডিং ইয়ঙয়ের চিত্রগ্রহণ চলচ্চিত্রটিকে স্বতন্ত্র করে তোলে। মজার বিষয় হলো, এতে অব্যবহৃত অনেক দৃশ্যই পরে অন্যান্য চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ২০০৪ খ্রিস্টাব্দে নির্মিত ট্রয়-এর কোরাস সঙ্গীতাংশটি ওখান থেকে নেওয়া। এরপর ১৯৬৫ তে নোবেলজয়ী রুশ কবি বরিস পাস্তারনাক-এর নিষিদ্ধ উপন্যাস অবলম্বনে রুশ বিপ্লবের সময়কার গল্প নিয়ে লিন নির্মাণ করেন ডক্টর ঝিভাগো। লিন নির্মিত সর্বোচ্চ ব্যবসাসফল এ চলচ্চিত্রটি সমালোচকদের মতে লিনের অন্যতম সেরা কাজ। ইংরেজ চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক-চিত্রনাট্যকার পল গ্রিনগ্রাস তো এটিকে চলচ্চিত্রের অন্যতম মাস্টারপিস হিসেবে অভিহিত করেন। চলচ্চিত্রটি সেরা নির্মাতাসহ ১০টি বিভাগে মনোনীত হয়ে শিল্পনির্দেশনা, চিত্রগ্রহণসহ পাঁচটি বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড; সেরা নির্মাতাসহ পাঁচটি বিভাগে গোল্ডেন গ্লোব পায়। ১৯৯৯ খ্রিস্টাব্দে বৃটিশ ফিল্ম ইন্সটিটিউট চলচ্চিত্রটিকে বিশ শতকের সেরা একশোটির মধ্যে ২৭তম স্থান দেয়।
পথে নামে ঝড়
আলোচনা, সফলতার শীর্ষে থাকা লিন সবচেয়ে বড়ো বিপত্তির সম্মুখীন হন ১৯৭০ খ্রিস্টাব্দে রায়ান’স ডটার নির্মাণ করে। ১৯১৬ তে বৃটিশদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের সংগ্রাম নিয়ে রচিত ফরাসি লেখক গুস্তাভ ফ্লুবার্টের উপন্যাস ‘ম্যাডাম বোভেরি’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ হয়। যেখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন বিবাহিত আইরিশ নারীর সঙ্গে বৃটিশ অফিসারের প্রেমের সম্পর্ক দেখানো হয়। পার্শচরিত্র ও সিনেমাটোগ্রাফিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়া এ চলচ্চিত্রটি ওই বছরের চতুর্থ সর্বোচ্চ ব্যবসা করে। অথচ কেবল গল্পের কারণেই নিউ ইয়র্কের সমালোচকদের কাছে বিধ্বস্ত হতে থাকেন লিন। এমনকি প্রযোজকরাও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। চলচ্চিত্রটির সমালোচনায় প্ররোচিত হয়ে লিন চলচ্চিত্রবিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন ‘দ্য নিউ ইয়র্কার’-এর লেখক-সমালোচক পাউলিন কায়েলসহ অন্যান্য সমালোচকদের সঙ্গে আলোচনায় বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সেই আলোচনা সম্পর্কে লিন জানান, সেখানে বসে থাকার মুহূর্ত থেকেই তাকে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমেরিকান সাপ্তাহিক ম্যাগাজিন ‘টাইম’-এর সমালোচক রিচার্ড শিকেল তো রায়ান’স ডটারকে একটি ‘যাচ্ছেতাই’ চলচ্চিত্র আখ্যা দেন। যদিও আমেরিকান আরেক সমালোচক-ঐতিহাসিক, চিত্রনাট্যকার, লেখক-সাংবাদিক রজার এবার্ট চলচ্চিত্রটিকে তার দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্পের চলচ্চিত্রায়ণের একটি বলে মন্তব্য করেন। তারপরও সেই পরিস্থিতিতে অভিমানে লিন প্রায় ১৪ বছর চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে থাকেন। পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, তারা কেবল চলচ্চিত্রটিকে ভেঙে ভেঙে সমালোচনাই করে। যার ভয়াবহ প্রভাব পড়ে আমার ওপর। মনে হয়, আমি যদি নাই-ই পারি, কেনো শুধু শুধু চলচ্চিত্র নির্মাণ করছি। এ ধরনের সমালোচনা যে কারো আত্মবিশ্বাসেই ভয়ানকভাবে নাড়া দেয়।
১৯৭৭ থেকে ১৯৮০ খ্রিস্টাব্দ অবধি লিন ও রবার্ট বোল্ট মিলে রিচার্ড আলেকজান্ডার হফ রচিত ‘ক্যাপ্টেন ব্লি অ্যান্ড মি. ক্রিশ্চিয়ান’-এর ‘মিউটিনি অন দ্য বাউন্টি’ নিয়ে একটি প্রজেক্ট হাতে নেন। প্রয়োজনীয় অর্থ যোগানে ব্যর্থ হয়ে লিন তার পরিকল্পনা থেকে সরে যান। সিদ্ধান্ত নেন চলচ্চিত্র দুটিকে সাতটি টেলিভিশন সিরিজে সমন্বয়ের। এর মধ্যে ইতালিয়ান-আমেরিকান প্রযোজক Dino De Laurentiis এগিয়ে আসলে তিনি আগের সিদ্ধান্তে ফিরে যান। এরপরও প্রজেক্টটিতে সবচেয়ে বড়ো ধাক্কাটা আসে, যখন স্ট্রোক করায় বোল্ট আর লেখালেখি চালিয়ে যেতে পারেন না। কেননা এই প্রজেক্টের সফলতার জন্য বোল্টের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ মনে করতেন লিন। পরে ইংরেজ লেখক ও প্রচারক মেলভিন ব্র্যাগ স্ক্রিপ্টটি সম্পন্ন করলেও নানাবিধ জটিলতায় বাধ্য হয়ে লিন প্রকল্পটি ছেড়ে দেন। এরপর ওই বছরই বৃটিশ অধিকৃত ভারতে ঔপনিবেশিক দ্বন্দ্ব নিয়ে ই. এম. ফস্টারের উপন্যাস ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’কে চলচ্চিত্রে রূপ দেন লিন। অবশ্য এই প্রজেক্টটি ১৯৬০ খ্রিস্টাব্দেও তিনি একবার হাতে নিয়েছিলেন। সেসময় উপন্যাসটির মঞ্চ অভিযোজন ও ফস্টারের পছন্দসই চিত্রনাট্যকার হওয়ায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ভ্রমণ লেখক সান্থা রাম রাউ-এর একটি খসড়া চিত্রনাট্য প্রত্যাখ্যান করেন লিন। পরে তিনি নিজেই চিত্রনাট্য লিখে চলচ্চিত্রটি নির্মাণ করেন। ক্যারিয়ারে নতুন করে ফিরে পান শক্ত অবস্থান। এরপর নির্মাতা হ্যারল্ড বেকার আমেরিকান ঔপন্যাসিক-ছোটোগল্পকার-প্রাবন্ধিক জেমস গ্রাহাম ব্যালার্ডের আত্মজীবনীমূলক উপন্যাস ‘এম্পায়ার অব দ্য সান’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের প্রজেক্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে সেখানে চুক্তিবদ্ধ হন লিন। তবে শেষ অবধি তিনিও কাজটি সম্পন্ন করতে পারেননি।
অপূর্ণতায় নিভে গেলো বাতি
বেলা ফুরোবার আগে ১৯৯১ খ্রিস্টাব্দে জোসেফ কনরাডের উপন্যাস ‘নস্ট্রোমো’ প্রযোজনায় হাত দেন লিন। গল্পের চরিত্র মিলিয়ে সমবেত করেন বিখ্যাত সব চলচ্চিত্রকর্মীদের। তাদের সঙ্গে মিলিয়ে একটি বিশেষ চরিত্রে চান অ্যালেক গিনেস’কে। কিন্তু গিনেস তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে চিত্রনাট্য নিয়ে নানাবিধ জটিলতায় পড়েন লিন; বাদ দিতে হয় এই প্রজেক্টটিও। পরে অবশ্য ম্যাগি আনসওয়ার্থের সহযোগিতায় তিনি নিজেই নতুন করে এর চিত্রনাট্য লিখেন। ৪৬ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই চলচ্চিত্রটির কাজ বেশ ভালোভাবেই এগিয়ে চলছিলো, কিন্তু এই সময় লিনের শরীরে ধরা পড়ে মরণব্যাধী ক্যান্সার। তারপরও দৃঢ় মনোবলে কাজ চালিয়ে যেতে থাকেন তিনি। হয়তো চেয়েছিলেন চলচ্চিত্রটির কাজ শেষ করে যেতে। শেষ অবধি ক্যান্সার শনাক্তের মাত্র ছয় সপ্তাহের মাথায় একই বছরের ১৬ এপ্রিল আকাশের তারা হয়ে যান গুণী এই নির্মাতা। পরে ১৯৯৭ খ্রিস্টাব্দে বি বি সি টেলিভিশনের হয়ে নস্ট্রোমো’র মিনি সিরিজ নির্মাণ করেন অ্যালেস্টার রিড।
লিনের চলচ্চিত্রশৈলী
প্রায় ৪১ বছরের নির্মাতা জীবনে লিন মাত্র ১৬টি চলচ্চিত্র নির্মাণ করেছেন; প্রতিটি চলচ্চিত্রই যেনো একেকটি শিল্পভাণ্ডার। বিভিন্ন সময়ে লিন ও তার চলচ্চিত্রকে অনেকেই নানাভাবে মূল্যায়ন করেছে। যেমন, ‘দ্য রাফ গাইড টু ফিল্ম’ বইয়ে আলফ্রেড হিচকক, মাইকেল পাওয়েলের সঙ্গে তুলনা করে টম চ্যারিটি বলেন,
ডেভিড লিন তাদের প্রজন্মের তিন বিখ্যাত বৃটিশ নির্মাতাদের একজন। যারা প্রত্যেকেই নিজেদের সময়কে নতুন করে শিখিয়েছে; সেই সঙ্গে নিজেরাও সর্বোচ্চ শিখর থেকে শিল্পনৈপুণ্য আয়ত্ত করেছে। ছন্দময় নির্মাণ কৌশল ও প্রতিটি সিক্যুয়েন্স বিচক্ষণতা সহকারে ব্যবহার তার চলচ্চিত্রকে স্বাতন্ত্র্য করে তোলে। হিচকক কিংবা পাওয়েল অপেক্ষা লিনের ক্যামেরা ছিলো আরো প্রখর ও স্ব-প্রভাবিত। নিখুঁত কমপোজিশন সেন্সের জন্য লিনের ছিলো বিশেষ খ্যাতি। তার চলচ্চিত্রের প্রতিটি দৃশ্যে রোমান্টিকতার দারূণ উত্তাপের সঙ্গে এক অবরুদ্ধকর অনুভূতির মধ্যে দিয়ে যেতে হয়।৩
স্টিভেন রসের মতে, লিনের চলচ্চিত্রগুলো রোমান্টিকতার সঙ্গে ধারাবাহিক ট্র্যাজিক অভিব্যক্তি প্রকাশের মধ্য দিয়ে রোজকার জীবনের সীমাবদ্ধতা ও বিধিনিষেধের গণ্ডি অতিক্রম করার চেষ্টা চালিয়ে যায়। তার প্রতিটি চলচ্চিত্রে ঘনিষ্ঠভাবে একদল চরিত্রের অন্তরঙ্গ গল্প থাকে। যেখানে প্রতিটি চরিত্র পরোক্ষ হলেও শক্তিশালী ভূমিকা পালন করে, যেনো ইতিহাস কাঁপানো ঘটনাগুলো তাদের চারপাশে আবর্তিত হচ্ছে। এবং যেকোনো চরিত্রেই একটা নাটকীয় ও বিষয়ভিত্তিক রূপ থাকে। আমেরিকান হাইপোথেরাপিস্ট মাইকেল নিউটন ‘দ্য গার্ডিয়ান’কে বলেন, লিনের প্রতিটি চলচ্চিত্রই অত্যন্ত সমৃদ্ধ ও প্রথাবিরোধী; যাতে সৌন্দর্যের নিগুঢ় আকর্ষণ, দুঃসাহসিক কর্মপ্রয়াস ও এক নিরবচ্ছিন্ন জীবনের সন্ধান মেলে। লিন মূলত চলচ্চিত্র নির্মাণে পারফেক্টশনিস্ট পদ্ধতি ব্যবহারের জন্য সর্বজন বিদিত ছিলেন। ফরাসি নির্মাতা ক্লাউড চ্যাব্রোল যেমনটা বলেন, তার সময়ে তিনি এবং একমাত্র লিনই ছিলেন, যারা নিখুঁত সূর্যাস্তের জন্য হলেও চিরকাল অপেক্ষা করতে প্রস্তুত থাকতেন। চ্যাব্রোলের সেই অপেক্ষা যদি একদিনের হতো, লিন সেখানে পুরো মাস অপেক্ষা করতেন। বিশ্বের অনেক নির্মাতা লিন ও তার চলচ্চিত্রকে সমীহ করলেও তাকে নিয়ে রয়েছে জোর সমালোচনাও। চলচ্চিত্র সমালোচক ডেভিড থমসন তার ‘নিউ বায়োগ্রাফিকাল ডিকশনারি অব ফিল্ম’-এ যেমনটা বলেছেন,
১৯৫২-১৯৯১ পর্যন্ত লিন নির্মিত আটটি চলচ্চিত্রের মধ্যে অন্যতম লরেন্স অব অ্যারাবিয়া-এর কথাও বলতে গেলে তাকে শূন্যগর্ভের সঙ্গে তুলনা করা যায়। তবে এর আগের এক দশকে তিনি যেসব চলচ্চিত্র নির্মাণ করেছেন তা সত্যি প্রাণবন্ত, কর্মোচ্ছল ও একেকটি অনুপ্রেরণাই বটে। যা দেখে আপনি চলচ্চিত্র নির্মাণে সাহস পাবেন। সেগুলোর মাঝে দুর্দান্ত সম্পাদনা এবং চলচ্চিত্রিক শক্তির সঙ্গে একপ্রকার ভালোবাসাও রয়েছে।৪
প্রাপ্তি
নির্মাতা হিসেবে দুইবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়া লিনের সর্বোচ্চ ছয়টি চলচ্চিত্র সেরা সিনেমাটোগ্রাফিতে মনোনীত হয়ে পাঁচটিই এ পুরস্কার জিতে নেয়। ১৯৫৩ খ্রিস্টাব্দে নিযুক্ত হন ‘অর্ডার অব দ্য বৃটিশ এম্পায়ার’-এর কমান্ডার হিসেবে। শিল্পে অবদান ও সেবার জন্য ১৯৮৪ খ্রিস্টাব্দে পান নাইট উপাধি। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ১৯৯০ খ্রিস্টাব্দে লিনকে প্রদান করে আজীবন সম্মাননা। ১৯৯৯ খ্রিস্টাব্দে বৃটিশ ফিল্ম ইন্সটিটিউটের করা শীর্ষ একশো বৃটিশ চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় লিনের সাতটি চলচ্চিত্র। অস্কার জয়ী অভিনয়শিল্পী অ্যালেক গিনেস লিনের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে তার জীবনের ‘সৌভাগ্য কবজ’ বলে মানেন। আর স্টিভেন স্পিলবার্গ তো রীতিমতো দাবি করে বসেন, লরেন্স অব অ্যারাবিয়া তাকে নির্মাতা হতে অনুপ্রাণিত করেছে। উইলিয়াম মোনাহান স্বীকার করেন এই চলচ্চিত্রের প্রভাবেই তিনি চিত্রনাট্যকার হয়েছেন। মারা যাওয়ার ১১ বছর পর লিন ২০০২ খ্রিস্টাব্দে বৃটিশ ফিল্ম ইন্সটিটিউটের মাসিক ম্যাগাজিন ‘সাইট এন্ড সাউন্ড’-এর সর্বকালের সেরা নির্মাতাদের মধ্যে নবম এবং ২০১২ খ্রিস্টাব্দে নির্বাচিত হন অন্যতম বৃটিশ কালচারাল আইকন হিসেবে। ব্যক্তি জীবনে লিন ছয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বিচ্ছেদ ঘটিয়েছেন পাঁচবার। ১৯৩০ খ্রিস্টাব্দে প্রথম আবদ্ধ হন ইসাবেলা লিনের সঙ্গে। তাদের সন্তান পিটারই লিনের একমাত্র উত্তরাধিকারী। সর্বশেষ ১৯৯০ খ্রিস্টাব্দে ‘ডেভিড লিন : অ্যান ইনটিমেট পোট্রেইট’-এর সহ-লেখক সান্দ্রা কুককে সঙ্গী করেন তিনি। এবং তার সঙ্গেই জীবনের শেষ সময় অতিবাহিত করেন।
লরেন্স অব অ্যারাবিয়া
টি ই লরেন্স অত্যন্ত ধূর্ত একজন বৃটিশ সেনা-গোয়েন্দা। প্রথম বিশ্বযুদ্ধের সময় আরবে তথা আকাবা ও দামেস্কে তার যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রটির গল্প ফুটে উঠেছে। বৃটিশদের ‘ডিভাইড এন্ড রুল’ নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করলেও এ যুদ্ধের রক্তাক্ত অভিজ্ঞতা তাকে আত্মমূল্যায়ন করতে শিখিয়েছে। তুর্কি সাম্রাজ্য ছিন্নভিন্ন করার লক্ষ্যে আরবদের মনে বিভেদের বীজ বপন করা লরেন্স শেষ অবধি আরবের পক্ষই সমর্থন করেন। যুদ্ধে তার অসামান্য ভূমিকার ওপর ভিত্তি করে নির্মিত হয় লরেন্স অব অ্যারাবিয়া। মূলত আরব বিদ্রোহের ওপর আমেরিকান সাংবাদিক লওয়েল থমাসের করা একটি সংবেদনশীল প্রতিবেদন লরেন্সকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। তার আত্মজীবনী ‘সেভেন পিলারস অব উইজডম’ (১৯২২) তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। আর চলচ্চিত্রটি তাকে দেয় অমরত্ব। যার কারণে আজ ‘লরেন্স অব অ্যারাবিয়া’ বলতে তাকেই বোঝায়।
মিলিটারি সার্ভিস ছাড়ার পর এক মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে লরেন্স ছয়দিনের মধ্যেই মারা যান ১৯৩৫ খ্রিস্টাব্দের ১৯ মে। এ ঘটনা দিয়েই গল্পের সূচনা। লরেন্সের মৃত্যুর পর সংবাদকর্মীরা তার অতীত জীবন খুঁজে বের করে। ফ্ল্যাশব্যাকে এগিয়ে চলে চলচ্চিত্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় মধ্যপ্রাচ্য তৎপরতায় বৃটিশরা মিশরকে ব্যবহার করতো। তখন আরব বিষয়ক অভিজ্ঞ লরেন্সকে তুর্কিদের বিরুদ্ধে বাদশাহ ফয়সালের অগ্রগতি পর্যবেক্ষণ ও পরামর্শকের দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়। পথে বিনা অনুমতিতে এক কূপ থেকে পানি পানের অপরাধে লরেন্সের পথনির্দেশককে হত্যা করেন শরীফ আলী। যিনি পরবর্তী সময়ে লরেন্সকে যুদ্ধে সহায়তা করেন। যাহোক, আরবে পৌঁছে লরেন্স বাদশাহ ফয়সালের সঙ্গে দেখা করেন। লরেন্সের প্রজ্ঞা ও দূরদর্শীতায় বাদশাহ ফয়সাল তার প্রতি আগ্রহী হন। এর মধ্যে তুর্কিরা ফয়সালের এক তাবু গুঁড়িয়ে দেয়, অনেক হতাহতের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ফয়সালের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগটন আরব নেতাদের অপসারণের মত দিলেও ভিন্নমত পোষণ করেন লরেন্স। শরীফ আলীর সাহায্যে মাত্র ৫০ জন সৈন্য নিয়ে আকাবা জয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে হুইতাত নেতা আবু তায়েবের সঙ্গে জোট বেঁধে শক্তি বৃদ্ধি করে, বেদুঈন বেশে স্থলপথে আকাবার নৌঘাঁটি আচমকা আক্রমণ করে দখলে নেন লরেন্স। অন্যদিকে তখন জেরুজালেম দখলের নেশায় মত্ত ইংরেজ সৈন্যরা। ঠিক এই সময় অস্ত্র সাহায্যের আশায় দুই শিশু-দাস দাউদ ও ফারাজকে সঙ্গে নিয়ে তিনি কায়রোর উদ্দেশে রওনা দেন। সেখানে গিয়ে জানতে পারেন আরব ভাগ করতে বৃটেন-ফ্রান্সের চুক্তি স্বাক্ষরের কথা। নিতান্তই আরবের স্বাধীনতা অর্জনে কাজ করা লরেন্স তা মেনে নিতে পারেন না। এমনকি মেজর পদে উন্নীত হয়েও কমান্ডারের সঙ্গে তার বাদানুবাদ ঘটে। অবশ্য কমান্ডারের মিথ্যা আশ্বাসে ভুলে লরেন্স আরবে ফেরেন।
এরপর তিনি গেরিলা কৌশলে একটি তুর্কি ট্রেন ধ্বংস করতে সক্ষম হন। তবে ভাগ্যক্রমে বেঁচে ফেরেন লরেন্স। শত্রু পক্ষের গুলি তার বাহু ভেদ করে যায়। পরবর্তী সময়ে লরেন্স দারিয়া শহরের পরিস্থিতি বুঝতে শরীফ আলীকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ করলে তুর্কি বাহিনীর হাতে ধরা পড়েন। সেখানে অপদস্থ হয়ে তিনি আরবদের হয়ে কাজ না করার সিদ্ধান্ত নেন; ফিরে যান কায়রোতে। কিন্তু পরিস্থিতি ও মনকে সায় না দিতে পেরে বিদ্রোহীদের পক্ষে আবারও দামেস্কো অবরোধে যোগ দেন। এবার তুর্কিদের উৎখাতে চারদিক থেকে সেনা পাঠায় বৃটিশ। মরুভূমির ভিতর থেকে দামেস্কো অভিমুখে এগোতে থাকে লরেন্স বাহিনী। প্রবল যুদ্ধে পরাজয় ঘটে তুর্কিদের। শুরু হয় ক্ষমতা দ্বন্দ্ব। আরবের ভাগ্য-ভবিষ্যৎ নির্ভর করে বৃটিশ ও ফরাসি কূটনীতিকদের ওপর। আর আরবদের বিশ্বস্ত সহচর লরেন্স ব্যথিত হৃদয়ে নিজ দেশে ফেরেন।
লেখক : শিখর রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
https://www.facebook.com/shikhar.roy.92102
তথ্যসূত্র
১. মাধুরী, অধরা; ‘সৌদি চলচ্চিত্রশিল্পের দ্বিতীয় অধ্যায় পরিবর্তনের ঢেউ নাকি আধুনিকতার মুখোশ’; ম্যাজিক লণ্ঠন; সম্পাদনা : কাজী মামুন হায়দার, সংখ্যা ১৬, বর্ষ ২০১৯, পৃ. ২৫, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
2. Shipman, David (1984 : 775); The Story of Cinema Volume Two: From Citizen Kane to the Present; Hodder & Stoughton, London.
3. http://www.theyshootpictures.com/leandavid.htm; retrieved on: 13.12.2020
4. Thomson, David (2002 : 503–504); The New Biographical Dictionary of Film; Alfred A. Knopf, New York.
বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন