Magic Lanthon

               

ভূমিকা ও ভাব-ভাষান্তর : রীতা জান্নাত

প্রকাশিত ১২ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

আদিনা পিন্টিলি

যৌন আচরণগুলো আসলে আমাদের ব্যক্তিত্বের আয়নাস্বরূপ

ভূমিকা ও ভাব-ভাষান্তর : রীতা জান্নাত


রোমানিয়া, নামটি শুনলে অনেকের কাছে হয়তো ‘কান্ট্রি অব ড্রাকুলা’ কিংবা ‘ভ্যাম্পায়ারের দেশ’ মনে হতে পারে। অনেকেই আবার এটিকে ‘জিপসি বা যাযাবরের দেশ’ হিসেবে চেনে। কিন্তু ইউরোপিয় এই দেশটিতে যুগ যুগ ধরে গড়ে উঠেছে শিল্প-সাহিত্যের বিশাল ভান্ডার। এই শিল্প-সাহিত্য সমৃদ্ধ ভান্ডারের মধ্যেই জন্ম নারী নির্মাতা আদিনা পিন্টিলির, ১৯৮০ খ্রিস্টাব্দের ১২ জানুয়ারি। তিনি পড়াশোনা করেন রোমানিয়ার অন্যতম শিক্ষায়তন ‘ইয়ন লুকা ক্যারাগিয়াল ন্যাশনাল ইউনিভার্সিটি অব থিয়েটার অ্যান্ড ফিল্ম’ থেকে।

২০০৩ খ্রিস্টাব্দে ই এ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন আদিনা। শুরু থেকেই মূলত পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হন তিনি। পর্যায়ক্রমে আনওয়াচ্ড ট্রেইনস (২০০৪), সাম কাইন্ড অব লনলিনেস (২০০৪), নিয়া পিন্টিয়া ... মডেল (২০০৫), দ্য ফেয়ার অব মিস্টার জি (২০০৬), ক্যাসিনো (২০০৬), ডোন্ট গেট মি রঙ (২০০৭), স্যান্ডপিট #১৮৬ (২০০৯), অক্সিজেন (২০১০), টাচ মি নট (২০১৮) নির্মাণ করেন। ডোন্ট গেট মি রঙ-এর জন্য তিনি গোল্ডেনবার্গ অ্যাওয়ার্ড ফর বেস্ট ডকুমেন্টরি খেতাব অর্জনের পাশাপাশি গোপো অ্যাওয়ার্ড, গোল্ডেন লিওপার্ড অ্যাওয়ার্ড এবং ফ্রি স্পিরিট অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হন। তবে টাচ মি নট-এর জন্য আদিনা বেশ আলোচিত হন; অর্জন করেন ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার।

টাচ মি নটকে আসলে এককভাবে কাহিনিচিত্র বা প্রামাণ্যচিত্র কোনোটিই বলা যায় না। কেননা দুই ফরম্যাটেরই দারুণ এক সংমিশ্রণ এখানে রয়েছে। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে মানব শরীর, যৌনতা ও সৌন্দর্যের ধারণাকে আদিনা নিয়ে যান ভিন্ন এক উচ্চতায়। অবশ্য সমালোচনার ঝড়ও কম পোহাতে হয়নি এজন্য। চলচ্চিত্রটিকে শুধু ইতিবাচক কিংবা সাহসী বললে অনেক কম বলা হবে। টাচ মি নট নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে কথা বলেছেন আদিনা পিন্টিলি। আদিনার এই রকম দুটি সাক্ষাৎকার ম্যাজিক লণ্ঠন-এর পাঠকের জন্য ভাব-ভাষান্তর করা হলো, যেখানে তার চলচ্চিত্রিক দৃষ্টিভঙ্গি ও সংগ্রাম সম্পর্কে জানা যায়।

প্রথম সাক্ষাৎকারটি সংস্কৃতি ও ফ্যাশন সম্পর্কিত ওয়েবসাইট ‘দ্য আপকামিং’-এর সিন গ্যালেনের সঙ্গে আর দ্বিতীয়টি ‘দ্য হ্যামার টু নেইল’ ওয়েবসাইটের ক্রিস্টোফার রিড-এর সঙ্গে।

প্রথম অংশ

সিন গ্যালেন : আদিনা, টাচ মি নট-এর মতো একটি চলচ্চিত্র নির্মাণের জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। টাচ মি নট-এ বাস্তবের লোকজনকে তাদের যৌনতা ও স্বস্তির জায়গা খুঁজে নিতে দেখা যায়। তো প্রথমেই জানতে চাচ্ছি, কীভাবে কোন প্রক্রিয়ায় এই আধা প্রামাণ্যচিত্র, আধা কাহিনিচিত্রটি আপনি নির্মাণ করলেন?

আদিনা পিন্টিলি : মানুষের শরীর ও মনের গভীরে প্রবেশ করে তাদের অস্বস্তিকর জায়গাগুলো অনুসন্ধান করা আমাদের অন্যতম উদ্দেশ্য ছিলো। দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অস্বস্তির মোকাবিলা করতে চেয়েছি। অবশ্য এজন্য বেশ সময়ও লেগেছে; টানা দুই বছর গবেষণা করতে হয়েছে। যে মানুষগুলোকে আমি চলচ্চিত্রে হাজির করেছি, তাদের ঠিকভাবে কাস্ট করতে পেরেছি এমনটা বলা যাবে না। কারণ এটা একেবারে নিরেট কাহিনিচিত্র নয়। দীর্ঘ এই পথচলায় আমাদের সঙ্গে থাকবে, এমন মানসিকতার কিছু লোকজন প্রয়োজন ছিলো। তাদের খুঁজে পাওয়ার মধ্য দিয়ে শুরু হয় আসল প্রক্রিয়া।

শুরুতেই আমি তাদেরকে ডায়েরি লিখতে বলেছিলাম। চলচ্চিত্রটির জন্য পরিকল্পিত শুটিং একবারেই করা হয়নি। প্রস্তুতি গ্রহণের সময়ও আমরা কিছু শ্যুট করেছি। তারপর আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু হয়, সেগুলো সম্পাদনা করে তারপর আবার শুটিং করেছি। এভাবেই বাস্তবতা ও কল্পকাহিনি মিশ্রিত একটি প্রক্রিয়া অবলম্বন করেছি। এই চলচ্চিত্রে শিল্পীরা নিজেরাই ক্যামেরার মাধ্যমে চিত্রধারণ করেছে; সেই সঙ্গে ডায়েরি লিখেছে নিয়মিত। তারা সম্পর্কের ঘনিষ্ঠতা (Topic of intimacy)  নিয়ে তাদের নিজস্ব উপলব্ধি আমাদেরকে জানায়। পরবর্তী সময়ে এটা নিয়ে আমরা স্কাইপ-এ বার বার আলোচনা করতে থাকি। এভাবেই সময়ের ব্যবধানে তারা চলচ্চিত্রের ইউনিট ও ক্যামেরার সঙ্গে অভ্যস্ত হয়; তখন আমাদের কাজটা আরো সহজ হয়ে ওঠে।

সিন : চলচ্চিত্রটি দেখে মনে হয়েছে সমাজে সৌন্দর্যের যতো ধারণা রয়েছে, এটি সেগুলোকে ভেঙ্গে ফেলতে চায়। অনেকেই এটাকে ‘সামাজিক’ নীতি বা আদর্শের বাইরের বলে মনে করতে পারে। আপনি কি একমত?

আদিনা : এটাই চলচ্চিত্রটির মজার বিষয়। ক্রিশ্চানের দিকেই তাকান, তার চুল গজায় না। অথচ যতো বেশি তার সঙ্গে পরিচিত হবেন, তাকে ততো বেশি সুন্দর লাগবে। সৌন্দর্য কী, আর কোথা থেকেইবা আসে--টাচ মি নট এই প্রশ্নগুলো তোলে এবং প্রচলিত ধারণার বাইরে গিয়ে শরীরকে গুরুত্ব দেয়। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সৌন্দর্য একটা সাবজেক্টিভ ব্যাপার। আমার তো এই মানুষগুলোকে খুব সুন্দর মনে হয়, কিন্তু অন্যদের কাছে তাদের কেমন ইমেজ, আমি জানি না। আমার কাছে তারা শুধুই সুন্দর নয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মনোমুগ্ধকরও বটে। আসলে আমাদেরকে বিশ্বাস করতে শেখানো হয়--সৌন্দর্য ধ্রুব বিষয়; যৌনতা বা ঘনিষ্ঠতার মতো ব্যাপারগুলো কিছু বাধা-ধরা নির্দিষ্ট উপায়েই হয়। মূলত চলচ্চিত্রটি এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন তুলেছে, সৌন্দর্যের পুরনো ধারণার পরিবর্তে নতুন ধারণার দিকগুলো তুলে ধরেছে।

সিন : আপনি কি মনে করেন টাচ মি নট একটি থেরাপিউটিক (Therapeutic) অভিজ্ঞতা?

আদিনা : আপনার বেড়ে ওঠার সময়টা খেয়াল করবেন, দেখবেন পরিবারের সবকিছু ঠিকঠাক মনে হবে না। কিন্তু আপনি যদি থেরাপিউটিক সম্পর্কের মধ্য দিয়ে যান, তা থেকে আপনি নতুন করে শিখতে পারবেন, নতুন করে সম্পর্কে জড়াতে পারবেন। এই প্রক্রিয়ায় একটি সম্পর্কের মধ্যে আপনি নিজের দোষগুলো দেখতে পারবেন, কাজেই নিজেকে শোধরাবেন। এদিক থেকে দেখতে গেলে এটি অবশ্যই থেরাপি। শুধু রোগ নিরাময় অর্থে নয়, এর ভিন্ন অর্থও রয়েছে। সেদিক দিয়ে টাচ মি নটকে থেরাপিউটিক প্রক্রিয়া অথবা থেরাপিউটিক সম্পর্ক বলা যেতেই পারে।

সিন : আপনি যখন দর্শকের দিকে ক্যামেরা ঘোরাচ্ছেন, তখন তা কি আপনাকেই যুক্ত করছে। বিষয়টিকে কীভাবে দেখেন?

আদিনা : যখন আমার বয়স ২০ বছর, তখন থেকেই এ বিষয়টি আমাকে আগ্রহী করে তোলে। মনে করতাম, ঘনিষ্ঠতা সম্পর্কে সবকিছুই মনে হয় আমি জানি। কিন্তু এখন বুঝতে পারি তখন কতোটা ভুল ছিলাম। প্রত্যেকের এই বিষয়টা নিয়ে ভাবা দরকার। চলচ্চিত্রের মধ্যে আমি সেই প্রক্রিয়ার একটা অংশমাত্র, কেন্দ্র নই। চলচ্চিত্রে আমি এবং ক্যামেরা দুজনের অবস্থানই এক; চলচ্চিত্রের ভূমিকা ও উপসংহারে সেই বিষয়টি বোঝা যায়। আমার অবস্থান এখানে অনেকটাই শিশুর মতো--পৃথিবীর প্রতিটা জিনিস আমাকে কাছে টানে, অন্যরা কীভাবে ঘনিষ্ঠতা অনুভব করে সে সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী। লরা ও অন্যদের সঙ্গে পরিচিত হওয়ার পর আমি অনেকখানি নিজেকে জানতে-বুঝতে শিখি।

সিন : চলচ্চিত্রটি দেখে আমার মনে হয়েছে আপনি যৌনতা সম্পর্কে ফ্রয়েডিয়ান যে ধারণা আছে তা থেকে অনেকখানি বেরিয়ে এসেছেন। যৌনতার সঙ্গে আমরা যে অপরাধবোধ চাপিয়ে দিই, চলচ্চিত্রটি তাকেই বিনির্মাণ করে। মনোবিশ্লেষণের এ প্রসঙ্গে আপনার মতামত কী ?

আদিনা : টাচ মি নট মনোবিজ্ঞানের কোনো বই নয়। আর ফ্রয়েডই একমাত্র ব্যক্তি নন, যিনি শৈশব ও অন্যান্য মানবীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে। আমাদের চলচ্চিত্রে মাইকেল বেডারের একটি বই ‘অ্যারোসাল’(Arousal: The Secret Logic of Sexual Fantasies) অনেক প্রভাব ফেলেছে। বেডার দেখান, ভিতরের মানুষটাকে বুঝতে হলে তার যৌন আচরণগুলো গভীরভাবে অনুসন্ধান করা জরুরি। আপনি ‘এস অ্যান্ড এম’১ সম্পর্কগুলো খেয়াল করলে দেখবেন, এখানে একটি ক্ষমতাকাঠামো কাজ করে। এ সম্পর্কগুলো পর্যবেক্ষণ করলে আপনি সর্বপ্রথম নিজেকে চিনতে পারবেন; বুঝতে পারবেন, এগুলো আসলে কী অর্থ বহন করে; কেনো আপনাকে অন্যের নিয়ন্ত্রিত হতে হবে? কেনোইবা নিজের দায়িত্বটুকু ছেড়ে দিতে হবে? আর এই চিন্তাগুলো থেকে আপনার নিজের সম্পর্কে আরো ভালো উপলব্ধি তৈরি হবে। দেখবেন, এমন অনেক বিষয় আছে, যেগুলোকে আপনি যৌন সমস্যা হিসেবে ভাবতেন, সেগুলো আসলে কোনো যৌনতা সংক্রান্ত ব্যাপারই নয়, হয়তো অতীতে মুখোমুখি হওয়া কোনো অঘটনের রেশ। যৌন আচরণগুলো আসলে আমাদের ব্যক্তিত্বের আয়নাস্বরূপ।

সিন : আপনার কি মনে হয় টাচ মি নট প্রামাণ্যচিত্র, নাকি আরো বেশি কিছু?

আদিনা : আমি এটাকে কখনোই শুধু প্রামাণ্যচিত্র বলবো না। আমরা সবসময়ই এই তকমাটা এড়িয়ে চলেছি, এটি প্রামাণ্যচিত্র ও কাহিনিচিত্রের মিশ্রণ।

দ্বিতীয় অংশ

ক্রিস্টোফার রিড : আপনার চলচ্চিত্র টাচ মি নট-এ অনেক বিষয় উঠে এসেছে। আমি একটি মৌলিক প্রশ্ন দিয়েই শুরু করি।

আদিনা পিন্টিলি : আপনার কাছে আমারও একটা প্রশ্ন আছে। আগে কে শুরু করবে? (হাসি)

ক্রিস্টোফার : আচ্ছা। আগে আমি প্রশ্ন করি, পরে নাহয় আপনি করবেন।

আদিনা : ঠিক আছে।

ক্রিস্টোফার : টাচ মি নট-এর সামগ্রিক বিষয় শুরু কীভাবে? মানে চলচ্চিত্রটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সঙ্কর বলতে হয়।

আদিনা : ভালো লাগলো যে, চলচ্চিত্রটিকে নির্দিষ্ট তকমায় ফেলা অসম্ভব বলে মনে করেছেন আপনি। কারণ এটি কোনো প্রামাণ্যচিত্র নয়, কল্পকাহিনি নয়, আবার পরীক্ষামূলক চলচ্চিত্রও বলা যাবে না। এ ব্যাপারে আমাদের একটি নির্দিষ্ট অবস্থান থাকা জরুরি। এটি আসলে একটি ফিউশন। অথবা যেমনটা আপনি বলেছেন, বাস্তব ও কল্পনার সংমিশ্রণ।

আমার বয়স যখন কুড়ি, ভাবতাম মানুষের সম্পর্ক, চাহিদা, সৌন্দর্য ইত্যাদি বিষয়গুলো আমি ভালোই বুঝি। কিন্তু বহু বছর পর বুঝলাম, না--আমার জানার মধ্যে সীমাবদ্ধতা ছিলো। আমি যতোটা জানি তার থেকে বাস্তবতা অনেক জটিল। আর সেখান থেকেই ভাবনা শুরু। চলচ্চিত্রটির শুরু এভাবেই হয়েছে। আমি যা জানতাম সেগুলো ভুলে গিয়ে মানুষ কীভাবে বিষয়টি অনুভব করে, তা পুনরায় আবিষ্কারের উদ্দেশ্যেই এই চলচ্চিত্র।

ক্রিস্টোফার : বুঝলাম। তো আপনি কি এখনই আমাকে আপনার প্রশ্নটা করে ফেলতে চান, নাকি আমি চালিয়ে যাবো?

আদিনা : আচ্ছা, টাচ মি নট দেখার অভিজ্ঞতা আপনার কেমন ছিলো?


ক্রিস্টোফার : সত্যি বলতে চলচ্চিত্রের ভিতরে ঢুকতে আমার খানিক সময় লেগেছে (হাসি)। শুরুর দিকে একজন পুরুষের বীর্যস্থলন দেখছিলাম, কিন্তু আমি আসলে বুঝতেই পারছিলাম না, কী হচ্ছে! টমাস ও ক্রিশ্চানের দৃশ্যের মধ্য দিয়ে চলচ্চিত্রের সঙ্গে আমি একাত্ম হতে শুরু করি। যদিও মনিটরে তাদের দুর্দান্ত উপস্থাপন আমাকে আগেই রীতিমতো ধাক্কা দিয়েছে।

আদিনা : টেলি-প্রম্পটার২-এর কথা বলছেন?

ক্রিস্টোফার : টেলি-প্রম্পটার এবং আপনার বায়বীয় উপস্থিতি সত্যিই দারুণ ছিলো। তারপর আধ্যাত্মিক যোগব্যায়াম (spiritual yoga) দৃশ্যের কথা তো বলতেই হয় ...।

আদিনা : এটি একটি কর্মশালা।

ক্রিস্টোফার : টমাস ও ক্রিশ্চানের দৃশ্যের মধ্য দিয়ে আমি চলচ্চিত্রের ভিতরে ঢুকে গেছি। মাঝে মধ্যে বুঝতে কষ্ট হলেও বেশ টান টান অবস্থা ছিলো, যা সত্যিই ভালো লেগেছে।

আদিনা : আপনাকে মূলত চলচ্চিত্রে প্রবেশ করতে সাহায্য করেছে মেটা-ফিল্ম৩ নির্মাণ প্রক্রিয়া; নির্মাতার সরাসরি উপস্থিতি এবং ব্যবহৃত যন্ত্রপাতি। আমার কাছে মনে হয়, এগুলো চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ দিক। আর সর্বোপরি চলচ্চিত্রটি একটি গবেষণা প্রক্রিয়া। আপনি জানেন, এই চলচ্চিত্রে পেশাদার এবং অপেশাদার উভয় ধরনের অভিনয়শিল্পীই কাজ করেছে। তাদের অভিনয়শিল্পী বলতেও আমার সংশয় আছে। আর তারা পেশাদার কি না সেটা কোনো ব্যাপারই না।

আমি একই ধরনের কিছু মানুষ খুঁজেছি, যারা আমার সঙ্গে এই গবেষণা ও আত্ম-জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়াটি শেয়ার করবে। কাস্টিং প্রক্রিয়াটি একেবারেই প্রচলিত নিয়মে হয়নি, নন-ফিকশনের মতো ছিলো। আর এখানে পরস্পরের সম্পর্কে জানা ভীষণ প্রয়োজন ছিলো। প্রথম থেকেই চলচ্চিত্রটিকে একটি সংলাপ হিসেবে ধারণ করা হয়েছিলো। তারপরে মনে হলো, এমন একটা আবহ তৈরি করতে হবে যাতে মনে হয়, চরিত্রগুলো সরাসরি আপনার সঙ্গে মানে দর্শকের সঙ্গে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে। তখন থেকেই ধারণাগত ও প্রযুক্তিগতভাবে যন্ত্রপাতির প্রয়োজন পড়ে। চরিত্রগুলো সরাসরি চোখে চোখ রেখে দর্শকের সঙ্গে যোগাযোগ করছিলো, যা অনেক গুরুত্বপূর্ণ ছিলো। চলচ্চিত্রের প্রথমদিকে তো ক্যামেরার উপস্থিতি ওভাবে থাকার কথা ছিলো না। কিন্তু দর্শকের সঙ্গে সংলাপ বিনিময়, তাদের নিজেদের অভিজ্ঞতা, ঘনিষ্ঠতা ইত্যাদি সম্পর্কে নিজস্ব বোঝাপড়া নিয়ে প্রশ্ন করার জন্য এটি করা হয়। এবং এমনভাবে হলো যেনো চরিত্ররা দর্শককে আমন্ত্রণ জানাচ্ছে তাদের কথা শোনার জন্য।

আমরা যখন সবকিছু একত্রিত করছি, তখন প্রধান চরিত্রে থাকা মানুষগুলো সম্পর্কের ঘনিষ্ঠতা সম্পর্কে তাদের ধারণা প্রকাশ করছিলো। তারপর তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। তখন আমরা খেয়াল করলাম, গবেষণাটি একেবারে মানবীয় অনুভূতিকে স্পর্শ করছে না। কারণ চরিত্রদের কথাবার্তা দর্শকের সঙ্গে সেই সংবেদনশীল যোগসূত্র তৈরি করছে না, একটা দূরত্ব বজায় রাখছে। এই ব্যাপারটিকে ব্রেখ্টিয়ান ইফেক্ট৪ বলা হয়। সেজন্য ক্যামেরার উপস্থিতি দরকার পড়ে।

আর টেলি-প্রম্পটারও সাম্প্রতিক কোনো উদ্ভাবন নয়। টেলিভিশন থেকে এটির আগমন, এরোল মরিসও (আমেরিকান প্রামাণ্যচিত্র নির্মাতা) তার বেশকিছু প্রামাণ্যচিত্রে টেলি-প্রম্পটার ব্যবহার করেছেন। সেখানে তা আর পাঁচটা সাধারণ যন্ত্রপাতির মতোই স্বাভাবিক হয়ে গেছে। চলচ্চিত্রের গতিবিধি বোঝার জন্যও অনেক সময় এটা জরুরি হয়ে পড়ে। আসলে আমরা নির্দিষ্ট কিছু নিয়মেই চলচ্চিত্র দেখে অভ্যস্ত। যখন চলচ্চিত্র দেখতে যাই, তখন নিজেদের থেকে আলাদা এক বাস্তবতা দেখি--হোক সেটা কাহিনিচিত্র বা প্রামাণ্যচিত্র। সেটা আসলে নিজেদের গল্প হয়ে ওঠে না, তার সঙ্গে আমি যুক্ত হই না। এজন্য আমার অন্যতম চ্যালেঞ্জ ছিলো, চলচ্চিত্রের শুরু থেকেই দর্শকের সঙ্গে একাত্ম করা।

ক্রিস্টোফার : বাহ! তার মানে এটি তাহলে দর্শককে চরিত্রগুলো ও তাদের ঘনিষ্ঠতার সঙ্গে একীভূত করে ফেলার পদ্ধতি ছিলো।

আদিনা : ক্যামেরাটি এই প্রক্রিয়ায় মূলত একজন সাক্ষী। একইভাবে ক্যামেরাটি এই চলচ্চিত্রের এই বিশেষ চরিত্রের মানুষগুলোর সঙ্গে দর্শকের যোগসূত্র তৈরি করে। যারা নিজেদের জীবনের খুবই অন্তরঙ্গ কিছু বিষয় দর্শকের সামনে তুলে ধরেছে। আমরা সংলাপগুলোকে কেবল একমুখী করতে চাইনি। এক ধরনের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আবর্তন ঘটাতে চেয়েছিলাম।

ক্রিস্টোফার : আমার মনে হয়, এই অনুসন্ধানী প্রক্রিয়ায় আপনি অনেকটাই সফল হয়েছেন। কাস্টিং করার সময় লরা বেনসন ও টমাস লেমারকুইস’কে কোথায় পেলেন? টমাস লেমারকুইসকে আমি আগেও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখেছি। কিন্তু লরা বেনসনকে কয়েক বছর আগে ডেঞ্জারাস লিয়াসনস ছাড়া কখনো দেখিনি বোধহয়।

আদিনা : লরা তো থিয়েটার ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই প্যাট্রিস চেরো’র সঙ্গে কাজ করেছেন।

ক্রিস্টোফার : একদম ঠিক বলেছেন। আমিও পড়েছি। তিনি ফ্রান্সে অনেক কাজ করেছেন।

আদিনা : হ্যাঁ, প্যারিসে বাস করলেও আসলে তিনি বৃটিশ। সেইসঙ্গে একজন অভিনয় শিক্ষকও। যেমনটি আগেই বলেছি, এই চলচ্চিত্রের কাস্টিং ভীষণ অন্যরকম ছিলো। কারণ তারা কোনো চরিত্রে অভিনয় করছিলো না; ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছে, এর সঙ্গে ফিকশনাল কিছু উপাদানও যুক্ত হয়েছে। আর আমরা সেই ব্যাপারগুলো মঞ্চস্থ করেছি। উদাহরণস্বরূপ, আমরা কাজ করেছি তাদের স্মৃতিতে থাকা বিষয়গুলো নিয়ে। সেগুলোকে আবার মঞ্চস্থ করেছি। কল্পনা এবং মঞ্চায়নের মাধ্যমে আমরা এক প্রকার গবেষণাগার বা নিরাপদ স্থান তৈরি করেছি। যেখানে আমরা আমাদের বিষয় নিয়ে গবেষণাটি ভালোভাবে করতে পারি। নইলে গবেষণাটি আরো বেশি কঠিন হতো।

প্রচলিত কাহিনিচিত্রে একটা গণ্ডি থাকে,--সেখানে পূর্বলিখিত চরিত্র থাকে। আবার প্রচলিত প্রামাণ্যচিত্রেও আপনি চাপের মধ্যে থাকবেন। কারণ সেখানে প্রকৃত ঘটনা, উপস্থিতি ও বাস্তব জীবন তুলে ধরতে হয়। আমাদের প্রক্রিয়াটি প্রচলিত চলচ্চিত্রের মতো নয়। যেহেতু টাচ মি নট একটি হাইব্রিড চলচ্চিত্র, কাজেই আমরা যেকোনো অবস্থান নিতে পারি। কেননা এখানে আমাদের স্বাধীনতা আছে এবং কোথা থেকে উপাদানগুলো পাচ্ছি সেটা জানানোও গুরুত্বপূর্ণ নয়।

ক্রিস্টোফার : ঠিক বলেছেন। এটি বাস্তব আর কাহিনিচিত্রের মিশ্রণ হলেও সেটা কোনো ব্যাপার নয়।

আদিনা : অবশ্যই এটা কোনো ব্যাপারই নয়। তাছাড়াও এটি এমন এক প্রক্রিয়া যেখানে প্রধান চরিত্রদের ব্যক্তিগত বিষয়গুলো ক্যামেরার সামনে, কর্মীদের সামনে এবং অপরিচিত জনগণের সামনে মেলে ধরতে হয়েছে। তাই তাদের একরকম প্রতিরক্ষামূলক পরিবেশ দিতে হয়েছে, যেখানে তারা সবকিছু খুলে প্রকাশ করতে পারে। যা বাস্তব জীবনে তারা কখনো প্রবেশ করার সাহস পায়নি। এটিই ছিলো এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিক। এখানে আসলে চরিত্রগুলো তাদের নিজেদের ব্যক্তিসত্তার চেয়েও বেশি কিছু ফুটিয়ে তুলেছে।

ক্রিস্টোফার : আচ্ছা। এখানে আবেগীয় সংযম তো আছেই, কিন্তু চলচ্চিত্রে তারা নিজেদের শরীরকে এমনভাবে প্রকাশ করেছে যার সাহস অনেকেই পায় না। আমি সত্যিই কৌতূহলী যে, এই কাজটা আপনি কীভাবে করলেন? ক্রিশ্চানসহ প্রধান দুটি চরিত্র তাদের শারীরিক অনেক বিষয় তুলে ধরেছে। বিষয়টি যেমন শারীরিক, তেমনই আত্মিকও বটে। কীভাবে করলেন?

আদিনা : লরা এ প্রশ্নের সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বলছেন, শারীরিক সমস্যার চেয়েও নগ্নতা ব্যাপারটা তাদের জন্য কঠিন। চলচ্চিত্রটি তো আসলে শরীর নিয়ে; সম্পর্ক নিয়ে, যৌনতা নিয়ে এবং সর্বোপরি আমাদের জীবন নিয়ে। এগুলোর কাছাকাছি যাওয়া বেশ কঠিন, এমনকি কথা বলাও কঠিন।

প্রথম থেকেই জানতাম, এই থিমটি নিয়ে আমরা একটি গবেষণা করবো। কিন্তু জানতাম না এর শেষ কোথায়। গবেষণার প্রকৃতি অনুসারেই অনুসন্ধান করা হয়েছে। যেখানে আমি নিজেও জানি না কী হতে চলেছে! এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ছিলো, যার সাহায্যে আমরা পরস্পরের প্রতি বিশ্বাসের উচ্চ স্তরে পৌঁছেছিলাম। এখানে ক্যামেরার সঙ্গে অন্তরঙ্গতা খুব গুরুত্বপূর্ণ ছিলো। কারণ পুরো সময়টা ধরে ক্যামেরা উপস্থিত ছিলো। আলাদা আলাদা জায়গায় অবস্থানের জন্য সবাইকে ক্যামেরার সঙ্গে অভ্যস্ত হতে হয়েছে।

ক্রিস্টোফার : চলচ্চিত্রের শুটিং ঠিক কোথায় করলেন?

আদিনা : টাচ মি নট আসলে একটি ইউরোপিয় চলচ্চিত্র, তা বিভিন্ন দিক থেকেই। এটি রোমানিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি এবং ফ্রান্স এই পাঁচটি দেশের সম্মিলিত প্রযোজনা। শুধু বাজেট কাঠামোর দিক থেকেই নয়; এর যে ইউনিট, সেদিক থেকেও এটি আসলে ইউরোপিয় চলচ্চিত্র। চলচ্চিত্রের প্রধান চরিত্ররা বুলগেরিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আইসল্যান্ড, রোমানিয়াসহ কয়েকটি দেশের মানুষ। সঙ্গে চলচ্চিত্রের ক্রিয়েটিভ দলটিও এক দেশের নয়। তাই চলচ্চিত্রের জন্য আমরা এমন একটি ভৌগোলিক স্থান তৈরি করার চেষ্টা করলাম, যা পশ্চিমা বিশ্বের যেকোনো শহর বলে মনে হবে। আর সবচেয়ে বড়ো কথা, আমাদের চলচ্চিত্রের বিষয়টি রাষ্ট্রীয় কোনো সীমানা মানে না; এর প্রধান মনোযোগ মানুষের শরীর। টাচ মি নট-এ খুব গুরুত্বপূর্ণভাবে শরীর হাজির হয় ল্যান্ডস্কেপ হিসেবে, চলচ্চিত্রের শুরুতেই আপনি সেটা দেখতে পারবেন।

ক্রিস্টোফার : তা ঠিক। চলচ্চিত্রের শুরুতেই একটি শরীর ধরে যে ট্র্যাকিং শট্, সেখানে তো বোঝাই যায় না, আসলে কী দেখানো হচ্ছে। যৌনাঙ্গটা দেখানোর পর বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়। তবে ত্বক, চুল, তারপর টান করা বুক--নিঃসন্দেহে ল্যান্ডস্কেপ।

আদিনা : অবশ্যই, ব্যাপারটা অনেকটা অচেনা কোনো গ্রহের মতো। বাস্তব ও রূপক দুই অর্থেই এটি প্রচণ্ডভাবে দুটো শরীরের গল্প--আপনার শরীর আর আমার শরীর। নগ্নতার ধারণা বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন রকম। নর্ডিক সংস্কৃতিতে (স্ক্যান্ডিনেভিয়া বা ফিনল্যান্ডের অধিবাসীদের সংস্কৃতি) এই বিষয়টি অনেক সহজ। তারা নগ্ন অবস্থাতেই পরিবারের সঙ্গে কাজ করে এবং তাদের কাছে এটা কোনো সমস্যাই নয়। অন্যান্য অনেক দেশে, বিশেষ করে খ্রিস্টান দেশগুলোতে আবার এটা বেশ সমস্যাপূর্ণ। কারণ শরীর ও শারীরিক পরিস্থিতির সঙ্গে যৌনতা বিষয়টিকে তারা গুলিয়ে ফেলে।

ক্রিস্টোফার : আপনার মতে নগ্নতা ব্যাপারটি রোমানিয়ায় কেমন?

আদিনা : রোমানিয়ান সমাজ বেশ ঐতিহ্যবাহী এবং কিছু স্তরে বিভক্ত। আর স্তরবিন্যাসটা মূলত পরিবার, শিক্ষা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে হয়ে থাকে। নগ্নতাকে ঘিরে একটা সাংস্কৃতিক নিষেধাজ্ঞা তো থাকেই। আমরা সেই নিষেধের ঊর্ধ্বে গিয়ে অনুসন্ধানের চেষ্টা করি। ফলে চলচ্চিত্রের শুরুতেই আমরা তুলে আনার চেষ্টা করেছি নগ্নতার বিষয়গুলো। আমাদের কাছে এটা একটা নতুন গ্রহ আবিষ্কার কিংবা নতুন ল্যান্ডস্কেপ নির্মাণের মতোই আগ্রহ উদ্দীপক ছিলো। একই সঙ্গে কিছুটা ভয়েরও ব্যাপার ছিলো।

আর টাচ মি নট আসলে দুজন মানুষের বোঝাপড়ার আখ্যান, এ প্রক্রিয়ায় মানুষ একইসঙ্গে কাছে আসে আবার দূরে সরে যায়। আসলে আমরা সবাই মানুষ, আমাদের মানব শরীর ধারণ করতে হয়, সবার যৌন অঙ্গ আছে--কোনো না কোনোভাবে আমরা সবাই এক। তাই যৌনতা বিষয়টি আমাদেরকে থামিয়ে দিতে পারে না। তবে ঘনিষ্ঠতার ব্যাপারটা নিয়ে চিন্তা করলে দেখবেন, শরীর খুব গুরুত্বপূর্ণ।

অনিবার্যভাবেই চলচ্চিত্রটি এসব বিষয়কে প্রশ্নবিদ্ধ করে। বাস্তব জীবন প্রচলিত ধারণার চেয়ে অনেকখানি ভিন্ন। বাস্তবে এমন অনেক শরীর দেখা যায়, যেগুলো প্রচলিত শরীরের ধারণা থেকে একেবারে ভিন্ন। উদাহরণ হিসেবে ক্রিশ্চান ও হানার কথাই ধরেন;--অথচ পরিচিত অনেকের চেয়েই ক্রিশ্চান দুর্দান্ত একটা সম্পর্ক রক্ষা করেছেন।

গবেষণার শুরু থেকেই আমি এমন কিছু মানুষকে খুঁজেছি, যারা মানসিকভাবে শক্ত। কারণ এখানে শুধু সে মানুষগুলোর নিজেদের ঘনিষ্ঠতা, যৌনতা ইত্যাদি নিয়ে শুধু গবেষণাই হবে না; এখানে বিশাল জনমানুষের সামনে বিষয়গুলো নিয়ে আসার একটা ব্যাপার ছিলো। ক্রিশ্চান শুরু থেকেই এ বিষয়ে নিজের কাছে পরিষ্কার ছিলো। তিনি দর্শকের সামনে একান্ত ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশে ভয় পাননি। ক্রিশ্চানের ভাষ্য, ‘অনেকে মনে করে আমাদের মতো মানুষের শরীর খুবই আলাদা এবং আমাদের হয়তো কোনো যৌন চাহিদাই নেই। এ কারণে আমাদের সাহায্য করা দরকার এবং সুরক্ষা দেওয়া দরকার। কিন্তু আসলে এই দৃষ্টিভঙ্গি আরো বেশি আক্রমণাত্মক ও অবমাননাকর। আর এটা আসলে মানুষের জানা দরকার যে, আমাদের একই যৌনাকাঙ্ক্ষা রয়েছে। আমরাও জৈবিক জীব।’

চলচ্চিত্রে এ থিমটি প্রকাশ করা জরুরি ছিলো। চলচ্চিত্রের মধ্যে সেক্স ক্লাবের দৃশ্যটি বেশ সমালোচিত হয়েছে। কিন্তু এই দৃশ্যটি ভীষণ দরকার ছিলো। ক্রিশ্চান ভীষণভাবে এই দৃশ্যটির সমর্থন দিয়েছেন। তিনি আমাকে বলেন, ‘আদিনা আপনি যদি আমাকে শুধু মেডিকেল যন্ত্রপাতির মধ্যেই দেখান, তাহলে আমাদের মতো শারীরিকভাবে অন্যরকম মানুষের যে রিপ্রেজেন্টেশন দাঁড়াবে সেটা একদম ক্লিশে (বিশ্রী)।’ ক্রিশ্চান ও গ্রিট বাস্তব জীবনেও সুখী দম্পতি। যৌনতা বিষয়ে তাদের অভিজ্ঞতা এমনই। তাই এটা প্রকাশ করা তাদের জন্যও গুরুত্বপূর্ণ ছিলো।

ক্রিস্টোফার : ঠিক আছে। আমাদের এখানেই শেষ করতে হবে। টাচ মি নট-এর জন্য আপনাকে অভিনন্দন। চলচ্চিত্রটি বিভিন্ন দিক থেকেই বেশ গভীর। আমি আসলেই আনন্দিত যে, এই চলচ্চিত্র নিয়ে কিছু লেখার সুযোগ আমার হচ্ছে।

আদিনা : আপনাকেও ধন্যবাদ।

সূত্র

1.https://rb.gy/xlwsht; retrieved on: 05.02.2020

2.https://rb.gy/wmtpve; retrieved on: 05.02.2020

লেখক : রীতা জান্নাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

[email protected]

https://www.facebook.com/profile.php?id=100010314337649

টীকা

১.S & M বর্ণ দুটি স্যাডিজম ও ম্যাসোকিজম শব্দকে নির্দেশ করে। এর দ্বারা যৌনকর্মের সময় একজন সঙ্গী আরেকজনের ওপর নিপীড়নের মাধ্যমে তৃপ্তি অনুভব করাকে বোঝায়।

২. টেলি-প্রম্পটার হলো বৈদ্যুতিক স্পিচ নোট প্রদর্শনকারী একটি ডিসপ্লে ডিভাইস। বৈদ্যুতিক ভিজ্যুয়াল স্পিচটি সাধারণত উপস্থাপকের চোখের সামনে থাকে। ফলে উপস্থাপনার সময় সঞ্চালককে নিচে তাকাতে হয় না। মনে হয় সঞ্চালক তার বক্তব্যটি মুখস্থ করে বা স্বতঃস্ফূর্তভাবে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলছে।

৩. চলচ্চিত্র নির্মাণের এমন একধরন, যেখানে বাস্তব এবং ফিকশনের গণ্ডিকে ক্রমান্বত ভেঙে ফেলা হয়। যেমন, চলচ্চিত্রের চরিত্র সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকের সঙ্গে কথা বলছে। অনেক সময় মেটা-ফিল্ম সেগুলোকেও বোঝায়, যেখানে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াটিও দেখানো হয়।

৪. ব্রেখ্টিয়ান ইফেক্ট হলো থিয়েটার ও চলচ্চিত্রে বহুল ব্যবহৃত দূরত্ব সৃষ্টিকারী একটি প্রক্রিয়া। যেখানে দর্শক একেবারে ন্যারেটিভের মধ্যে হারিয়ে না গিয়ে সচেতনভাবে পর্যবেক্ষণ করতে পারে। জার্মান নাট্যকার বারটোল্ড ব্রেখ্ট-এর নামানুসারে এই ইফেক্টটির নাম।

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন