Magic Lanthon

               

রাজীব আহসান

প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

দারিয়ুস মেহেরজুই’কে নিয়ে স্মৃতিমধুর এক অপরাহ্নের গল্প

রাজীব আহসান

মৃদু কুয়াশায় আচ্ছাদিত বিলের ওপারের বাঁশঝাড়গুলো পেইন্টিংয়ের মতো ঝুলে আছে শেষ শরতের সন্ধ্যাকাশে। হেমন্তের আগমনী বার্তা বয়ে আনা হিম হিম মিষ্টি হাওয়ায় এক ঝাঁক সাদা বক উড়ে বেড়াচ্ছে। বিলের পাড়ঘেঁষা সবুজাভ ধানগাছগুলো অপেক্ষা করছে শিশির সিক্ত হওয়ার। হাঁসগুলো বিলের শীতল জল ছেড়ে চলে যাচ্ছে আপন নিলয়ে। আর আমি বিলের ধারে শুকনো কচুরিপানার স্তুপের উপর বসে কিছুটা ধ্যানমগ্ন হয়ে ভাবছি নতুন সিনেমার গল্প। এই ঘোরগ্রস্ত জীবনানন্দীয় সন্ধ্যায় হঠাৎ অনাহুতের মতো আগমন ঘটে এক বিরক্তিকর ফোনের। তবে চলচ্চিত্রপ্রেমী ও কর্মী সামিউর-এর ফোনকে উপেক্ষা করা গেলো না।

ফোন ধরতেই কেমন জানি একটা কণ্ঠে সামিউর বললো, ভাই, দারিয়ুস মেহেরজুই ও তার বউকে খুন করা হয়েছে। আপনি শুনেছেন? আমি বললাম, না তো! বলো কী! কখন? কোথায়? সামিউর বললো, তেহরানের নিজস্ব ফ্ল্যাটে কারা যেনো দুজনকে খুন করেছে। ‘বিবিসি’, ‘আল-জাজিরা’ দেখাচ্ছে। দেখেন ...।

এর পর সেই মনোরম বর্ণিল সন্ধ্যাটি মুহূর্তেই হয়ে উঠলো বিবর্ণ। বিষণ্নতার বৃত্তে আটকে পাথুরে স্তব্ধতা নিয়ে আমি বসে থাকি কচুরিপানার স্তুপে। কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না দারিয়ুস মেহেরজুইয়ের মতো সজ্জন মানুষকে কেনো সস্ত্রীক খুন হয়ে যেতে হলো! আততায়ীরা কীভাবে পারলো পারস্যের অন্যতম উঁচু এই স্তম্ভটিকে গুড়িয়ে দিতে।

বিল ও সবুজ প্রান্তরজুড়ে রাত নেমে আসে। অন্ধকার ক্রমশ ঘন হতে থাকে। চাঁদহীন আকাশে বিক্ষিপ্তভাবে জ্বলে ওঠে কিছু নক্ষত্র। আমার বিষণ্ন মন হয়ে পড়ে স্মৃতিকাতর; মনে পড়ে যায় দারিয়ুস মেহেরজুইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ার মুহূর্তটির কথা। ২০১২ খ্রিস্টাব্দের মধ্য জানুয়ারির এক ফ্যাকাশে দুপুরে শাহবাগের পাবলিক লাইব্রেরিতে যাই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত কোনো একটি সিনেমা দেখতে। লাইব্রেরি চত্বরে ঢোকা মাত্র উৎসব কমিটির অফিসের পাশে একটা চেয়ারে আনমনে বসে থাকতে দেখি ইরানি চলচ্চিত্রের নতুন যুগের প্রবক্তা প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা দারিয়ুস মেহেরজুইকে।

স্যুট পরা, গলায় মাফলার জড়ানো দারিয়ুসকে দেখে থমকে দাঁড়াই। তাৎক্ষণিক সিদ্ধান্তে সিনেমা দেখতে অডিটরিয়ামে না ঢুকে কিছু না ভেবেই চলে যাই ওর কাছে। কুশল বিনিময়ের পর তার আন্তরিকতায় মুগ্ধ না হয়ে পারি না। তাকে জানাই, তার দ্য কাউ সিনেমাটি আমার খুব প্রিয়! এ কথা শুনে তার মুখে স্মিত হাসি ফুটে ওঠে। ম্রিয়মাণ অপরাহ্নের ম্লান আলোতেও উজ্জ্বল হয়ে ওঠে তার মুখাবয়ব। কথায় কথায় তিনি আমার সম্পর্কে জানতে আগ্রহী হন। আমি তাকে জানাই, সিনেমা করাই আমার জীবনের লক্ষ্য। ‘গো অ্যাহেড ইয়ং বয়’বলে তিনি আমাকে উৎসাহিত করেন। তার আর কোনো সিনেমা দেখেছি কি না জিজ্ঞাসা করলে, আমি লজ্জায় পড়ে যাই! তাকে জানাই বাকি সিনেমাগুলো শিগগিরই দেখবো। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, সমকালীন ইরানি চলচ্চিত্র দেখা হয় কি না? আমি আব্বাস কিয়োরোস্তামি, মহসিন মাখমালবাফ, জাফর পানাহি, আসগর ফারহাদি ও মোহাম্মদ রাসুলফ-এর সিনেমার কথা বলি। তিনি কিয়োরোস্তামি, মাখমালবাফ, পানাহি, ফারহাদি ও রাসুলফের বিভিন্ন সিনেমার কথা বলতে বলতে ভূয়সী প্রশংসা করেন। তার মুখ থেকে সমকালীন ও অনুজ নির্মাতাদের প্রশংসা আমাকে মুগ্ধ করে এবং আমি বুঝে যাই তিনি কতোটা উদার ও উঁচু মানের।

কিয়োরোস্তামির প্রশংসা করতে করতে তিনি খানিকটা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি নিজের সিনেমার কথা না বলে সারাক্ষণ কেবল অন্যদের সিনেমা নিয়েই বলছিলেন। আমার মনে হয়, দ্য কাউ ব্যতীত তার অন্য কোনো সিনেমা আমি যেহেতু দেখিনি, সেহেতু তিনি তার সিনেমা নিয়ে কোনো কথা বলছেন না। তাই আমি কিছুটা অপরাধ বোধে আক্রান্ত হয়ে পুনরায় দ্য কাউ সিনেমায় ফিরে আসি। আমি তাকে জিজ্ঞাসা করি, ‘দ্য কাউ সিনেমাটা ইরানের শাহ-এর অনুদানে নির্মিত হলেও পরে কেনো কর্তৃপক্ষের রোষানলে পড়েছিলো?’ তিনি স্মিত হেসে উত্তর দেন এভাবে—‘সিনেমাাটির অন্তর্নিহিত তাৎপর্য প্রথমে হয়তো ওরা বুঝতে পারেনি।’ তিনি আমাকে শোনান কী করে এই গল্পটি পেলেন। গোলাম হোসেন সায়েদী’র উপন্যাস কীভাবে অ্যাডাপটেশন করেছেন। 

১ জুলাই ২০১৫-তে তেহরানের একটি অনুষ্ঠানে দারিয়ুস মেহেরজুই ও তার স্ত্রী ভাদিয়া মোহাম্মাদিফার; আলোকচিত্র : এ এফ পি

এরই মধ্যে ফেস্টিভাল কমিটির তিন-চারজন তার কাছে এসে দাঁড়ায় এবং অনির্ধারিত এই আড্ডায় যোগ দেয়। আড্ডা হঠাৎই টার্ন নেয় পারস্যের কবিতা ও মরমিবাদের দিকে। দারিয়ুস মেহেরজুই তখন একের পর এক আউড়িয়ে যাচ্ছেন রুমি, হাফিজ, ফেরদৌসী, খৈয়াম, সাদী থেকে সমকালীন ফারুখ ফারুখজাদ পর্যন্ত। আড্ডা যখন ঘন হয়ে একদম জমে উঠেছিলো, তখনই ফেস্টিভালের একটা মাইক্রোবাস এসে দারিয়ুস মেহেরজুইকে উঠিয়ে নিয়ে যায়। তিনি গাড়িতে উঠে হাত নেড়ে সবার উদ্দেশে বললেন, ‘আবার দেখা হবে।’

সত্যি সত্যি ওইদিন সন্ধ্যায় দারিয়ুস মেহেরজুইয়ের সঙ্গে আবার দেখা হয়েছিলো ঢাকার একটি অভিজাত ক্লাবের পার্টিতে। ফেস্টিভালে আগত বিদেশি অতিথিদের সম্মানার্থে এক চলচ্চিত্র ব্যবসায়ী এই পার্টির আয়োজন করেছিলেন। একেবারে শেষ মুহূর্তে আমিও ওই পার্টিতে নিমন্ত্রিত হই। ভেস্টিভাল থেকে বাসায় গিয়ে কোনোমতে ধোপদুরস্ত হতে হতে কিছুটা সময় চলে যায়। ফলে আমি যখন পার্টিতে প্রবেশ করি, তখন অভ্যাগত অতিথিরা শুধু এসেই পড়েনি—পান করছিলো সুস্বাদু স্কচ, হুইস্কি  ও রাশান ভদকা। আমি পানরত সস্ত্রীক দারিয়ুস মেহেরজুইকে মধ্যমণি হিসেবে বসে থাকতে দেখি কারুকার্যময় একটি চেয়ারে। গোল টেবিলের বাকি চেয়ারগুলোতে আমাদের মুরব্বীরা (সিনেমার বর্ষীয়ান লোকজন) বসে তার সঙ্গ উপভোগ করছে। সুতরাং ওইদিকে পা মাড়ানো হলো না আমার। আমরা জুনিয়ররা একপাশে আড্ডা দিয়ে সিনেমার অনেক রাজা-উজির মারলাম। এইসব বাচালতার মধ্যেও আমার মন পড়েছিলো দারিয়ুস মেহেরজুইয়ের দিকে। দুপুরে কথা বলে এতো ভালো লেগেছিলো যে, ইচ্ছা হচ্ছিলো আরো কিছুক্ষণ কথা বলি। ডিনার করার আগে তিনি ওয়াশরুমের দিকে স্ত্রীসমেত যেতে থাকলে আমি কিছুটা আড়ষ্টভাবে সামনে গিয়ে দাঁড়াই। তিনি আমাকে চিনতে পেরে হাত বাড়িয়ে দেন। আমরা করমর্দন করি। ওর স্ত্রীর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন এবং উৎফুল্ল চিত্তে আমাকে দেখিয়ে বলেন—‘দ্য কাউ ওর খুব প্রিয় সিনেমা।’ তার স্ত্রী স্মিত হেসে আমার দিকে হাত বাড়িয়ে দিলে আমরা করমর্দন করি। আবার দেখা হবে, আবার কথা হবে বলে তিনি পুরুষ চিহ্নিত ওয়াশরুমে এবং তার স্ত্রী নারী চিহ্নিত ওয়াশরুমে ঢুকে পড়েন।

আমাদের আর দেখা হয়নি ...।

আমাদের আর কথাও হয়নি ...।

স্মৃতির ঝাঁপি বন্ধ করে ফিরে আসি দুঃখময় জগতে। জমাট অন্ধকার যেনো আমাকে ঘিরে ধরছে ক্রমশ। আমি উঠে আসি কচুরিপানার স্তুপ থেকে। প্রগাঢ় নৈঃশব্দ ভেদ করে আমি হেঁটে চলি পলেস্তরা খসে পড়া বিবর্ণ দাদাবাড়ির দিকে। আমাকে তাড়া করে ফেরে দারিয়ুস মেহেরজুইয়ের দ্য কাউ সিনেমার হাসান-এর মৃত গাভীটি। 

 

লেখক : রাজীব আহসান, চলচ্চিত্রনির্মাতা।

[email protected]

https://www.facebook.com/razib.ahsan.14

এ সম্পর্কিত আরও পড়ুন